গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০৫ জন।
রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুর এমন পরিস্থিতির কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫৪ জন এবং দক্ষিণ সিটিতে ৯০ জন, খুলনা বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯৩ হাজার ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯৭ জনের।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

